এবারের বিশ্বকাপ আগের গুলোর চেয়ে ব্যতিক্রম: মেসি

একদিকে লাখো ফুটবলপ্রেমী তাকিয়ে রয়েছে তার দিকে, কেননা দলের মূল ভরসা যে তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সেখানে দেখাতে হবে পারফরম্যান্স। আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির একই সঙ্গে ধরে রাখতে হবে দলের জয়ের ধারা। সেই চাপের অবস্থানে থেকে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রান্তিলগ্নে এসে একটি বিশ্বকাপের আশায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদির বিপক্ষে নামবে লিওনেল মেসি অ্যান্ড কোংরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে তিনি সাফ জানিয়ে দিলেন, প্রথম ম্যাচের জন্য পুরো ফিট আছেন তিনি। একই সাথে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেও অনুরোধ করেন তিনি।

মেসি বলেন, ‘আমাকে নিয়ে দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। কখনও বলছেন, আমি দলের সঙ্গে প্র্যাকটিস করিনি। কখনও বলছেন, একা একা করেছি। এসব নিয়ে কথা হয়েই যাচ্ছে । আসলে প্রথম ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলাম।’

এবারের বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার জন্য দলগুলো খুব বেশি সময় পায়নি। অধিকাংশ ফুটবলারই ক্লাব ফুটবল থেকে সরাসরি যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মেসি জানান, এবারের বিশ্বকাপ আগের গুলোর চেয়ে ব্যতিক্রম।

তিনি বলেন, ‘আগের বিশ্বকাপগুলো থেকে সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে এবার বিশ্বকাপ খেলতে নামছি। আগে বিশ্বকাপ শুরুর আগে এক মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলতো। এবার সেই সুযোগটাই পাইনি। ক্লাবে খেলতে খেলতে বিশ্বকাপে এসেছি। বিশ্বকাপের গুরুত্ব সব সময়ই আলাদা। আর যে কোনও বিশ্বকাপে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাইছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *