বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কতিপয় সাংবাদিক। এ ব্যাপারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, তাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে।
নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্দ সরকার। যার ফলে বিদেশি কূটনীতিকদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
