নেইমারের বন্ধু রবিন এখন ভৈরবে, দেখতে জনতার ভিড়

ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের বন্ধু ভৈরবের মো. রবিনের বাড়িতে উৎসুক জনতার ভিড়। এই সুনাম অর্জনে গর্বিত তার পরিবারসহ এলাকাবাসী।

সেই মো. রবিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার মোল্লাবাড়ির হাজী মো.আব্দুস সাত্তারের (শিশু মিয়া) ছোট ছেলে। সে উচ্চ মাধ্যমিক শেষ করে ১৫ বছর আগে পাড়ি দেন ব্রাজিলে। সেখানে তিনি এগ্রিকালচার ব্যবসার সঙ্গে জড়িত। রবিন পরিবারের চার ভাই তিন বোনের সবার ছোট।

শুক্রবার বিকালে তার বাড়িতে গিয়ে জানা যায়, রবিন অসুস্থ মাকে দেখতে এসেছেন। রাতের ফ্লাইটে বিশ্বকাপ খেলা দেখতে দেশ ছেড়ে চলে যাবেন। প্রতিবেশীসহ গ্রামবাসী তার এই সুনাম অর্জনের জন্য বেশ আনন্দিত এবং তারা রবিনকে নিয়ে গর্ববোধ করছেন। তাকে দেখতে গ্রামবাসীরা তার বাড়িতে ভিড় করছেন।

শুক্রবার বিকালে রবিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নেইমার বাংলাদেশের নাম জানেন। এদেশে তার অসংখ্য ভক্ত আছে। এটা ইন্টারনেটে আমি নেইমারকে দেখিয়েছি।

তিনি বলেন, ব্রাজিলের জোয়ান সেনসু নামের এক ব্যক্তি আমার বন্ধু। তিনি আবার নেইমারের বন্ধু। তার মাধ্যমে নেইমারের সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্ব হয়।

নেইমারের সঙ্গে কাজের বিষয়ে মো. রবিন বলেন, ‘আন্তর্জাতিকভাবে অনেক দেশে নেইমারের প্রচারের কাজটা করি আমি আর জোয়ান। আন্তর্জাতিকভাবে তার যে ফেসভ্যালু আছে, সেটা আমরা বহুজাতিক কোম্পানির কাছে নিয়ে যাই, তারাও আমাদের কাছে আসেন। আমরা এ কাজগুলো করি। আমাদের দেশে যে নেইমারের অনেক ভক্ত-সমর্থক রয়েছে সেটাও তিনি ভালোভাবেই জানেন।’

রবিনের বাবা হাজি আব্দুস সাত্তার মিয়া বলেন, ‘রবিন আমার ছোট ছেলে। সে খুব নম্র ও ভদ্র। দেশে পড়াশোনা শেষ করে চলে যায় ব্রাজিলে। সেখানে গ্র্যাজুয়েশন শেষ করে এগ্রিকালচারের ওপর ব্যবসা করছে। ব্যবসার সুবাদে নেইমারের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে আমার ছেলে নেইমারের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে তার প্রচারণায় প্রতিনিধি হিসেবে কর্মরত। এটি আসলে আমার পরিবারের জন্য খুবই গর্বের বিষয়।’

রবিনের বড় ভাই মো. মামুন বলেন, ‘নেইমার কত বড় একজন খেলোয়াড়! তার সঙ্গে আমার ভাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে এ যোগ্যতা অর্জন করায় আমরা খুব খুশি। রবিন শুধু ভৈরববাসীর নয়, সে সারা বাংলাদেশের গর্ব।’

রবিনদের বাড়ির মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর গফুর লোকমান বলেন, ‘আমার জানামতে রবিন ভাই খুব অমায়িক ও মিশুক মানুষ। উনার এই সুনাম অর্জনে তার পরিবারের পাশাপাশি সারা দেশ তাকে নিয়ে গর্ব করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *