শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির মুখে রক্ষণাত্মক হলেও অন্তরে আক্রমণাত্মক শোডাউন।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে। হাওয়া ভবন ফিরে পাবে, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে, সরকারের পতন ঘটাবে—এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউড়ে গেছে।

প্রতিহিংসার রাজনীতির হোতা হচ্ছে বিএনপি, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পলাশীর মীরজাফরের মতো ৭৫-এর মোশতাকও তিন মাস ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

তিনি বলেন, ‘জিয়া খুনিদের বিদেশে পাঠিয়েছে, পুরস্কৃত করেছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারেন না। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি, তাদের নেতা জিয়া এর সূচনা করেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল এখন বলছেন দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না; বরং বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *