বিশ্বকাপের আগে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন হিরো আলম

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি আবারও তিনি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন তার ভক্তদের জন্য। আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনা আরেকটু বাড়াতে আসছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন ভক্তদের মাতাতে নতুন গান গাইবেন তিনি।

হিরো আলম বলেছেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। যেদিন আর্জেন্টিনার খেলা থাকে চেষ্টা করি সবকিছু বাদ দিয়ে খেলাটা দেখতে। আমার কাছে মনে হচ্ছে এবার আর্জেন্টিনা জিতবে।

গেল বছরের কোপা আমেরিকা উপলক্ষে আর্জেন্টিনার সমর্থনে একটি গান করেছিলেন হিরো আলম। বিশ্বকাপ উপলক্ষে এবারও একই আয়োজন থাকছে তার। মেসিদের নিয়ে ইতোমধ্যে একটি গানও তৈরি করেছেন তিনি।

গানটি নিয়ে হিরো আলম বলেন, বিশ্বকাপ উপলক্ষে আমি এর আগে মেসিকে নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছিলাম। সেই গান আর্জেন্টিনার সাপোর্টার তো ভালোভাবে গ্রহণ করছে। তার পাশাপাশি সবাই ভালো বলেছে। গানটি অনলাইন প্লার্টফর্মে ভাইরাল হয়েছে। আশা করছি এই গানটি সবাই ভালোভাবে নিবে। খেলার মধ্যে গানটি আলোচনায় থাকবে।

লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, কখনো মেসির সঙ্গে দেখা হলে আমি তাকে বুকে জড়িয়ে নেব। আদর করে মেসিকে বলব, আমি আপনার অনেক বড় ভক্ত। আমার ভালোবাসা সব সময় তার সঙ্গে থাকবে। আশা করি, এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমরা দেখি খেলা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঝগড়া, মারামারির ঘটনা ঘটে। এটা মোটেও উচিত নয়। যে কেউ যে কোনো দল সমর্থন করতেই পারেন। সবার প্রতি অনুরোধ, খেলা নিয়ে কেউ সংসারে অশান্তি ডেকে আনবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *