সবকিছু অনেক সময় লিভিং রুমে থাকে না: পরীমণি

হঠাৎ করেই নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফির ওপর চটেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বুধবার রাত সোয়া ২টার দিকে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন পরীমনি।

যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে তকমা দিয়েছেন। একই সঙ্গে নিজের স্বামীর উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন পরীমনি।

সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

সবশেষে ধন্যবাদও জানিয়েছেন পরীমনি। তবে হঠাৎ করে কেন এমন চটেছেন তিনি তা নিয়ে ধন্দে পড়েছেন নেটিজেনরা।

সেই পোস্টে অনেকেই প্রশ্ন করেছেন হঠাৎ করে কী হয়েছে?

নানা মন্তব্যের মধ্যে পরীমনিকে উপদেশ দিয়ে একজন লিখেছেন, ‘যাই হোক! সোশ্যাল মিডিয়ায় এই ধরনের স্ট্যাটাসগুলো বলে দেয় আমরা কতটা অসহিষ্ণু। এটি আপনার মুছে ফেলা উচিত এবং লিভিং রুমে সমাধান করা উচিত। আমাদের শিল্পী, সংস্কৃতি ও তাদের সম্মান রক্ষা করতে হবে। আমি জানি, আপনি একজন বুদ্ধিমতী এবং সব সময় ভালো কাজের মধ্য দিয়ে আপনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করেছেন। আমি আশা করছি, আপনি আমার চিন্তার সংবেদনশীলতা বুঝতে পেরেছেন।’

সব মন্তব্যের জবাব না দিলেও এই মন্তব্যের জবাবে পরীমনি লেখেন, ‘ভাইয়া সব কিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না। সরি।’

অন্যদিকে তাসনিমা ঐশী নামে একজন কমেন্ট করেন, ‘মেয়েটা অনেকদিন পর সুখের খোঁজ পেয়েছিলো কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আজীবন সুখ পাবার জন্য জন্মায়নি।’

ঐশীর এই মন্তব্যে প্রায় সাড়ে চারশ লাইক পড়ে।

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ফলে তাদের প্রেমের রসায়ন পর্দায় মানুষ দেখেছে। কিন্তু বাস্তবেও দুজনের মধ্যে যে সম্পর্ক দানা বেঁধেছে সেদিকেই ইঙ্গিত দিয়েছেন পরীমনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *