একসঙ্গে নতুন মিশনে তৌসিফ-জোভান, সঙ্গী কেয়া পায়েল

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচটির মাধ্যমে পর্দা উঠবে এই আসরের। ফুটবলের এই বিশাল আয়োজন ঘিরে বিশ্বজুড়েই চলছে উন্মাদনা। প্রিয় দলকে নিয়ে নানা জল্পনা-কল্পনাও শুরু করেছেন সমর্থকরা।

বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে অংশ না নিলেও আসরটি ঘিরে এ দেশের সমর্থকরাও মেতে থাকেন। ফুটবল প্রেমীদের সেই উন্মাদনার মধ্যেই জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নিয়ে আসছেন ‘জার্সি’।

নাটকটিতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। তাদের সঙ্গে থাকছেন কেয়া পায়েল।

মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুরে চলছে নাটকটির শুটিং। সেটা বৃহস্পতিবার (১০ নভেম্বর) শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করে জোভান বলেন, ‘আমি আর তৌসিফ অনেকদিন পর একসঙ্গে কাজ করছি। তারও আবার ফুটবল বিশ্বকাপ ঘিরে গল্প। খুব মজা আর আনন্দ নিয়ে শুটিং করছি। এছাড়া আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে, কারণ তার গল্প উপস্থাপন দারুণ।’

দুই বন্ধুর ফুটবল উন্মাদনা ঘিরেই ‘জার্সি’র গল্প আবর্তিত হয়েছে। এতে হাস্যরসের পাশাপাশি ফুটবল খেলার প্রতি তারুণ্যের আবেগ-ভালোবাসা ফুটে উঠবে। বিশ্বকাপ চলাকালীন নাটকটি প্রচার হবে। এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *