Home আলোচিত পান্থ কানাইয়ের সঙ্গে নতুন মিশনে তাসনিয়া ফারিণ

পান্থ কানাইয়ের সঙ্গে নতুন মিশনে তাসনিয়া ফারিণ

0
924

পান্থ কানাইকে বলা হয় লোক ও রক ঘরানার জাত সংগীতশিল্পী। যিনি একাধারে মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী। সংগীতের তিন দশকের ক্যারিয়ার। শেষ চমক দেখালেন ‘কোক স্টুডিও বাংলা’য়। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে একেবারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জাত-শিল্পী।

প্রথমবার অভিনয় করছেন পান্থ কানাই। তাও আবার শুরুটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে।

আর এই সিনেমার মাধ্যমেই দেশীয় চলচ্চিত্রে সূচনা হতে যাচ্ছে টিভি ও ওয়েব কনটেন্টের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল মুখ তাসনিয়া ফারিণের। তিনি এর আগে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে কাজ করেছেন। এরমধ্যে কাজ করার কথা জানিয়েছেন টলিউডের অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়। তবে সেসব ছাপিয়ে ফারিণ এবার কাজ করছেন ঢালিউডের সিনেমায়।

ছবিটির নাম ‘দাহকাল’। নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব। এতে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘স্বপ্নজাল’-‘পরাণ’-খ্যাত ইয়াশ রোহান।

ছবিতে একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধারের চরিত্রে অভিনয় করছেন পান্থ কানাই। অন্যদিকে ফারিণ একজন মডেল। এজেন্সির প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে এ সিনেমার গল্প।

পান্থ কানাই বলেন, ‘একদিন পরিচালক এসে বলল, “আপনাকে আমার এ ছবিতে অভিনয় করতে হবে। এ চরিত্রে আপনাকেই লাগবে এবং আপনি ন্যাচারাল অভিনয় করবেন।” আমার ইচ্ছা ছিল, স্বপ্নও ছিল অভিনয় করার। কিন্তু গানের জন্য অভিনয়ে সময় দিতে পারিনি। এখন যখন এমন প্রস্তাব পেলাম, তাই ভাবলাম, চেষ্টা করে দেখি।’

ছবিটির শুটিং আগেই শুরু হয়েছে। আজ ছিল পান্থ কানাইয়ের অংশের শুটিং। ক্যামেরার সামনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘প্রথমে আমি ভয়ে ছিলাম, ডায়ালগ মনে থাকবে কি না। পরে পরিচালক আমাকে সাহস দিল। এরপর দেখলাম, ভালোই পারছি।’ অভিনয় নিয়মিত করবেন কি না, জানতে চাইলে তিনি জানান, ভালো এবং পছন্দের কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি অভিনয় করবেন।

পরিচালক জানান, অর্ধেকের বেশি শুটিং হয়েছে ‘দাহকাল’ এর। নতুন বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি দেয়ার চিন্তা তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here