প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী জুটি হয়ে পর্দায় আসছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমায় এবার তারা রোমান্সে মেতে উঠবেন। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। সিলেটের বিভিন্ন লোকেশনে একটানা সিনেমার শুটিং চলবে। ‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
মাহফুজ-বুবলী যে পর্দায় জুটি হয়ে আসছেন সেই ঘোষণা এসেছে গত এপ্রিলে। এরপর সিনেমার শুটিংয়ের প্রস্তুতি, চিত্রনাট্য, প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ততায় কেটেছে নির্মাতার। গত সপ্তাহে নিজে লোকেশনে ঘুরে এসে নিশ্চিত করেছেন যে সিলেটেই হবে প্রহেলিকার শুটিং। সে অনুযায়ী গতকাল সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চয়নিকা চৌধুরী ও তাঁর পুরো টিম। যাত্রা শুরু করে ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন, ‘স্বপ্ন হলো সত্যি, যাই তাহলে, প্রার্থনায় রাখবেন।’
চয়নিকা চৌধুরী বলেছেন, মাহফুজকে তিনি তাঁর প্রথম সিনেমাতেই কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আর বুবলী এই সিনেমার গল্পের সঙ্গে দারুণ মানিয়ে যায়। তাই জুটি হিসেবে মাহফুজ-বুবলীকে বেছে নেওয়া।
প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিনখানা চিঠি’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
অন্যদিকে, শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নানা গুঞ্জনে ভাসছেন বুবলী। তাই বলে কাজ বন্ধ রাখেননি তিনি। এরই মাঝে শুটিং করেছেন ‘চাদর’ সিনেমার। আজ শুরু করছেন প্রহেলিকা।





