৫৭তম জন্মদিনে বড় উপহার পাচ্ছেন শাহরুখ খান

আর মাত্র একদিন দিন পরই বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার জন্মদিনকে সামনে রেখে ভক্তদের মধ্যে যেমন উৎসাহ কাজ করে তেমনি তাকে সারপ্রাইজ দিতে সহকর্মীদের মধ্যেও আলাদা আনন্দ বিরাজ করে।

বলিউডের কিং খান শাহরুখ খান আসছে ২ নভেম্বর ৫৭ বছরে পা দেবেন। এদিন পৃথিবীজুড়ে ভক্তদের ভালোবাসায় ভাসবেন তিনি। প্রতিবারের মতো মুম্বাইতে তার বাসার সামনে তাকে একবার দেখার জন্য ভিড় করবে হাজারও ভক্ত। সঙ্গে নিয়ে আসবেন কতশত উপহার।

সেগুলো হয়তো শাহরুখ খানের কাছে পৌঁছাবে না। তবে অভিনেতাকে এবার সবচেয়ে বড় বার্থ-ডে গিফট দিতে যাচ্ছে যশরাজ ফিল্মস। দুই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর টিজার। ধারণা করা হচ্ছে খান সাহেবের এবারের জন্মদিন অন্যবারের থেকে আলাদা হতে যাচ্ছে।

শাহরুখ খানের জন্মদিনে আরেকটি সারপ্রাইজের পরিকল্পনা করেছে যশরাজ ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ২ নভেম্বর পুনরায় মুক্তি দেবে প্রতিষ্ঠানটি। এটি বলিউড সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন ধরে হলে প্রদর্শিত হওয়া চলচ্চিত্র। ছবিটি যশরাজ ফিল্মস প্রযোজনা করেছে।

তারা মনে করেছে এটি পুনরায় মুক্তি দিয়ে তারকাকে যেমন সম্মান জানানো হবে ঠিক তেমনি ভক্তদের জন্যও বড় ধরনের একটি উপহার হবে।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রায় ২৭ বছর যাবৎ মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। আগামী ২ নভেম্বর দেশের বেশ কিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়েছে।

‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে বড় পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান।

প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *