আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন পরীমণি

শাহীম মুহাম্মদ রাজ্য। প্রায় আড়াই মাস আগে পরীর ঘর আলো করে পৃথিবীতে তার যাত্রা শুরু। তার বদৌলতেই মা উপমায় অলংকিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। আজ (২৪ অক্টোবর) মা পরীর প্রথম জন্মদিন।

১৯৯২ সালে আজকের দিনে পরীমণির জন্ম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে নানার বাড়িতে। ছোটবেলায় মাকে হারানোর পর নানার কাছেই বেড়ে ওঠেন তিনি। ২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। এরপর ২০১৫ সালে আত্মপ্রকাশ করেন সিনেমায়। এ পর্যন্ত তিনি প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন।

শামসুন্নাহার স্মৃতি নামটি পরে জানা যায়, প্রথমে পরীমনি নামে তিনি পরিচিত হন ২০১৫ সালে, ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। তাকে বেশি পরিচিতি দেয় একই বছরের ‘রানা প্লাজা’ সিনেমা। নানা কারণে রানা প্লাজা মুক্তি না পাওয়ার কারণেই মূলত তিনি আসেন আলোচনায়।

২০১৫-২০১৭ এর মধ্যে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন এবং এর অনেকগুলো মুক্তিও পায়। এ সিনেমাগুলো তাকে ক্যারিয়ারে তেমন কোনো প্রভাব রাখেনি বলে পরে অনুধাবন করেন পরীমনি। নানা সাক্ষাৎকারে সে কথা বলেছেনও এ অভিনেত্রী।

এ অভিনেত্রীকে পরিবর্তন করে দেয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার শুভ্রা চরিত্র। ২০১৮ সালে সিনেমাটিতে কাজ করার পর বেছে কাজ করা শুরু করেন পরী।

এর পর তিনি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিজ্ঞাপন করেছেন, সিনেমা করেছেন অভিনেতা তৌকীর আহমেদের পরিচালনায়। চয়নিকা চৌধুরী তাকে নিয়ে সিনেমা বানিয়েছেন।

বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে এ অভিনেত্রীর। এখন পর্যন্ত পরী অভিনীত শেষ সিনেমা মুক্তি পেয়েছে ‘গুণিন’। এটিরও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

এর মধ্যে তিনি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন। সেটা অবশ্য সিনেমাতে অভিনয়ের জন্য নয়। গত বছরের জুন মাসে পরীমনিকে ধ র্ষ ণচেষ্টার অভিযোগ, আগস্ট মাসে পরীর বাসায় র‌্যাবের অভিযান এবং একই মাসে কারাবাস তাকে নিয়ে যায় আলোচনার তুঙ্গে।

তবে সব ধকল কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করেন পরী। আগস্টে কারাবাস শেষ করে সেপ্টেম্বরে তিনি শুটিংয়ে ফেরেন। আর এ শুটিংয়েই তিনি খুঁজে পান তার ভালোবাসা।

দেরি করে হলেও জানা যায় বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ আগস্ট জীবনের শ্রেষ্ঠ উপহার পান রাজ-পরী। তাদের ঘরে আসে প্রথম সন্তান রাজ্য। আর এভাবে যেন নতুনভাবে জীবন শুরু করেন পরীমনি।

আজ সোমবার এ অভিনেত্রীর জন্মদিন। এর আগে জমকালো আয়োজনে হয়েছে পরীমনির জন্মদিন। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে আজকের আয়োজনটা অনেকটা স্পেশাল। কারণ, প্রথমবারের মতো ছেলের হাত ধরে কেক কাটবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *