যাদের অভিভাবক ভেবেছি তারা সবাইকে এক চোখে দেখে না: বুবলী

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে, সন্তানের বিষয়টি এখন প্রকাশ্যে। তারপরও যেন এ নিয়ে আলোচনা-সমালোচনা থামছে না। কারণে-অকারণেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সবখানে।

তবে গত কয়েকদিন কিছুটা চুপ ছিলেন বুবলী। কিন্তু হঠাত বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ফেসবুক পেজে ব্যতিক্রম একটি পোস্ট দেখা গেলো। কাউকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন তিনি।

নাম না বললেও সরাসরি একজন নারী নির্মাতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। নাম না উল্লেখ করায় নেটিজেনরা দ্বিধায় পড়েছেন। মূলত, বুবলীকে নিয়ে ওই নারী নির্মাতা কোথাও মন্তব্য করেছেন- যেটি সহজভাবে হজম করেননি ঢাকাই ছবির নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী লিখেছেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক।’

বুবলী বলেন, ‘আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।’

বড়দের নিকট ছোটদের শেখার আছে জানিয়ে নায়িকা বলেন, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক। এভাবেই বড়দের কাছে ছোটরা শেখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *