কয়েক বছর পর আবার পর্দায় ফিরেছেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা মুনমুন, তবে এবারের ফেরাটা একটু ভিন্ন।
৮২টি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করা অভিনেত্রীকে এবার দেখা যাচ্ছে খলনায়িকা হিসেবে। শুধু খলনায়িকা বললে ভুল হবে, সিনেমার প্রধান খলচরিত্রে অভিনয় করেছেন তিনি।
মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। এতে ভয়ংকর গ্যাং লিডার হয়ে দেখা দিয়েছেন মুনমুন।
মাঝখানে দীর্ঘ বিরতির পর খলচরিত্রে অভিনয় করে বড়পর্দায় ফেরা মুনমুন চলচ্চিত্র থেকে দূরে থাকা নিয়ে মুখ খুলেছেন মিডিয়ায়। তাকে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে নাকি চলচ্চিত্র থেকে সরে যেতে হয় বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, ‘আমি ফিল্ম পলিটিক্সের শিকার। একসময় সুন্দর একটা ক্যারিয়ার ছিলো আমার, নাম ভূমিকায় ছবি হতো। আমার অ্যাকশন ছবিগুলো খুব হিট হতো সেসময়। পরে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র ছেড়ে চলে যেতে বাধ্য হই।’
ফিল্ম পলিটিক্স নিয়ে তিনি বলেন, ‘আসলে ফিল্ম পলিটিক্স সবখানেই আছে। আমাদের এখানের মতো হলিউড, বলিউড ও টালিউড- সবখানেই। আসলে আধিপত্য ও রাজত্ব টিকিয়ে রাখতে অনেক শিল্পীর সাথে শিল্পীরা, অনেক ডিরেক্টরের সাথে ডিরেক্টররা আবার প্রডিউসারও পলিটিক্সে জড়িয়ে পড়েন। আর আমার কাজ থেকে সরে যাওয়ার এটাই মূল কারণ।’
মুনমুন বলেন, ‘তখন আমার ছবি ফ্লপ ছিলো না, প্রতিটি ছবিই ভালো গেছে। কিন্তু তারপরও যখন দেখলাম কোনো কারণ ছাড়াই একটার পর একটা ছবি হারাচ্ছি, নতুন ছবির জন্য কেউ ডাকছে না- তখন বুঝলাম ফিল্ম পলিটিক্সে পড়ে গেছি। ওই সময় আমার কাছের ব্যানারগুলোও আমাকে বাদ দিয়ে অন্য নায়িকাদের নেওয়া শুরু করে। অনেকেই বলেছে, তাদের ছবিতে আমাকে নিতে চেয়েছিল- কিন্তু অমুকের জন্য আপনাকে নিতে পারিনি। অমুক ব্যক্তি আপনাকে বাদ দিয়ে অন্য নায়িকাকে সাজেস্ট করেছে। তো এইভাবে ফিল্ম পলিটিক্সে পড়ে যাই, আর তখন আমি প্রতিবাদ জানাতেও পারিনি, কারণ সময়টা ভালো ছিলো না। তাই সরে যেতে বাধ্য হই।’
‘রাগী’ ছবিতে যুক্ত হওয়া নিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘পলিটিক্স পড়ে ফিল্ম থেকে সরে যাওয়ার পরও আমার নামে মিথ্যাচার-অপপ্রচার হয়েছে। তো আমি আশায় ছিলাম এমন একটা চরিত্রের জন্য, যেটার মধ্য দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি- আমি মুনমুন একজন ভালো আর্টিস্ট ছিলাম। বড় আয়োজনে রাগী ছবিটি নির্মাণ করা হয়েছে।’
মুনমুন জানান, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া আজকের সন্ত্রাসী সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার, তবে নায়িকা হিসেবে যাত্রা শুরু মৌমাছি দিয়ে।
২০০৩ পর্যন্ত একটানা ৮২টি সিনেমার প্রতিটিতে নায়িকা হিসেবেই কাজ করেছেন মুনমুন। এর মধ্যে নানা জটিলতায় মুক্তি পায়নি ৩টি সিনেমা।
পরে দীর্ঘ বিরতি নিয়ে ২০১০-২০১১, ২০১৪ ও ২০১৯ সালে আরও কয়েকটি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নায়িকা। সব মিলিয়ে ৮৯টি সিনেমায় কাজ করেছেন তিনি।
