বীর বড় হয়ে সিনেমা করতে পারে: বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্গে ক্যারিয়ার শুরু করে আলোচনায় আসেন। এরপর বিয়ে, সন্তান, বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় এ নায়িকা।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলী নিজেই জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ের দিন-তারিখ। সন্তানের ছবি প্রকাশ্যে এনে জানিয়েছিলেন, তার সন্তানের বাবা শাকিব খান। এরপর শোবিজে ছড়িয়ে পড়ে শাকিব-ববুলীর বিচ্ছেদের খবর। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এ নায়িকা।

দেশীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন বুবলী। আপনাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ‘কয়েকটি অনলাইনে পোর্টালে খবরটি দেখেছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, পুরোটাই মিথ্যা। এ খবর কোথা থেকে এলো, বুঝতে পারছি না।’

বুবলী আরও বলেন, ‘সাংবাদিক ভাইদের দোষ দেব না। আমার কাছে মনে হয়েছে, তৃতীয় পক্ষ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে। সেই পক্ষ সাংবাদিক ভাইদের এ বিষয়ে মিথ্যা খবরটি লিখতে উৎসাহিত করেছে।’

এদিকে সন্তানকে নিয়ে বেশ ভালো মুডেই আছেন শবনম বুবলী। তার ফেসবুকে পোস্টগুলো দেখে তারই প্রমাণ পাওয়া যায়। আসলে ছেলেকে কীভাবে গড়ে তুলতে চান নায়িকা?

বুবলী বলেন, আমি বাবুকে খুব পর্যবেক্ষণ করি। প্রতি সেকেন্ডে, প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করি। পৃথিবীতে আসার পর এক থেকে দেড় বছর আমি কাজই করিনি। ওর সঙ্গে খুব ক্লোজ সময় গেছে আমার। এখনো কাজের বাইরে বাসায় পুরো সময় বাবুকে দিই। কোন জায়গায়টায় তার ইন্টারেস্ট বেশি, আমি নোটিশ করছি। যেদিকে ওর ইন্টারেস্ট বেশি থাকবে, সেদিকেই তাকে ফোকাস করতে চাইব। ডেফিনেটলি চাইব, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে সে। ভালো শিক্ষায় শিক্ষিত হবে।

তার মধ্যে কিন্তু হিরোইজম ব্যাপারটা পিচ্চিকাল থেকেই আছে। বাই বর্ন একটা হিরোইজম ব্যাপার থাকে না, বীরের মধ্যে সেই ভাব আছে কিন্তু। আমি বাংলা সিনেমাকে শ্রদ্ধা করি, সো আমার ছেলে সিনেমা করতে পারবে না, এমনটা আমি কখনোই চাইব না। সে বড় হয়ে চাইলে অবশ্যই সিনেমা করতে পারে। আমাদের কোনো সমস্যা নেই। আমেরিকাতেও যদি সে ফিল্ম নিয়ে লেখাপড়া করতে চায়, করতে পারবে। তবে সবার আগে লেখাপড়ার দিকে আমার জোরটা বেশি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *