শাকিবের সঙ্গে প্রেমের শুরু কবে, কীভাবে হয়েছিল? জানালেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী নিপুণ অভিনয় ও গ্লামার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার অভিনীত ছবিগুলো প্রশংসিত হচ্ছে।

সেলিব্রিটি বুবলীর পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার জীবনে বড় একটি ঘটনা প্রকাশিত হয়েছে।

এতদিন ধরে যেটি নিয়ে কানাঘোষা সেটিই শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হলো। কয়েক দিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন এ নায়িকা।

তবে অনেকের মধ্যে প্রশ্ন ছিল ঢালিউড সুপারস্টারের সাথে তার প্রেমের শুরু কবে, কোথা থেকে। যদিও এতদিন এসবের উত্তর জানা যায়নি। অবশেষে সন্তানের খবর প্রকাশ্যে আনার ১৩ দিন পর এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বুবলী।

একটি সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘বসগিরি’র আগেই আমাদের প্রিয়ারে নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে, শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া ফিল্মের বিষয়ে এই মানুষকে প্রথম চিনেছি, দেখেছি। এরপর গত পাঁচ বছর তার সঙ্গেই টানা কাজ করেছি। শুরু থেকেই আমার কাছে শাকিবের প্রতি অন্য রকমের সম্মানের জায়গা ছিল। অনেক বিষয় এখানে কাজ করেছে। ‘বসগিরি’র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় বিয়ে। তারপর সন্তান।

প্রেম, বিয়ে ও সন্তানের খবর গোপন রাখা নিয়ে এক প্রশ্নের জবাবে বুবলী বলেন, আমি সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। বীর ছবির শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়।

তাছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ—সবাই তো জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলে না। হয়তো সেভাবে দর্শক, ভক্ত বা সংবাদকর্মীদের সামনে বিষয়টি প্রকাশ করিনি। কিন্তু গোপন তো রাখিনি। আগেও আমাদের প্রেম ও বিয়েসংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে তো আমরা একবারও কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *