সিয়ামকে প্রশংসায় ভাসিয়ে রাজকে খোঁচা মারলেন পরীমণি

মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। দুই মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। তাই বলে যে চলচ্চিত্রাঙ্গন থেকে বিচ্ছিন্ন তিনি তা কিন্তু না।

ঢলিউডের চলমান সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্দ লাগা ভালো লাগা প্রকাশ করেন। এবার এই অভিনেত্রী নিজের ভালো লাগা প্রকাশ করলেন নায়ক সিয়াম আহমেদের প্রতি। পাশাপশি কারও প্রতি প্রকাশ করলেন একরাশ অভিমান-অভিযোগ।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে সিয়ামকে নিয়ে পরীমণি লিখেছেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’

পরীমণির এমন স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নানা কৌতুহল। হঠাৎ করে এমন স্ট্যাটাস কেনো দেবেন পরী? তবে ধারণা করা হচ্ছে, স্বামী শরিফুল রাজকে খোঁচা দিতেই সিয়ামকে নিয়ে এভাবে লিখেছেন পরীমণি।

কারণ গত মঙ্গলবার ‘দামাল’ ছবির সংবাদ সম্মেলনে মঞ্চে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরীমণির স্বামী রাজকে। আর সিয়াম পাশে থাকলেও তার হাত ছিলো ফাঁকা! মানে তিনি মিম বা পাশে থাকা নায়িকার হাত ধরেননি।

বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। কিন্তু তিনি খোলাসা করে কিছুই বললেন না, রাখলেন রহস্য। তবে সিয়ামের এ বিষয়টি যে তাকে মুগ্ধ করে সেটা জানালেন আবারও।

পরীমণি বলেন, ‘আমি কি ভুল বলেছি? কখনো সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরতে তো দেখিনি!

এদিকে আবার অনেকে এটাও বলছেন, সিয়াম-পরী একসঙ্গে অভিনয় করেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। হতে পারে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে নায়কের প্রতি এই মুগ্ধতা প্রকাশ করেছেন পরী।

আবার এটিকে সিয়াম-রাজ ও মিম অভিনীত ‘দামাল’ ছবির প্রচারণার অংশ মনে করছেন কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *