পূজার সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শাকিব খান

বেশ কিছুদিন ধরেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে রটানো হচ্ছে নানা গুঞ্জন। ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে তার। নিজের দ্বিতীয় সন্তানের স্বীকৃতি দিয়েও সমালোচনাকারীদের হাত থেকে রেহাই পাননি তিনি।

বরং নায়িকা পূজা চেরীর সঙ্গেও শাকিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পূজা-শাকিবকে নিয়ে।

এসব বিষয়ে পূজা মুখ খুললেও নীরব দর্শক ছিলেন শাকিব খান। এবার তিনি নীরবতা ভাঙলেন— সতর্ক করলেন সুযোগ সন্ধানী মহলকে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে মুখ খোলেন শাকিব। তিনি বলেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

শাকিব খান প্রশ্ন রাখেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’

তার কথায়, ‘এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

ভুয়া বিষয়গুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রেখে ঢালিউড সুপারস্টারের ভাষ্য, ‘আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’

তালিকা করে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শাকিব বলেন, ‘যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *