রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর পৌরসভা নির্বাচনে পৌরবাসীর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে জণগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সূচনা করা হবে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের ২নং ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান সজল এই কথা বলেছেন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর পৌর সদরের রুপপুর নতুনপাড়ায় ২নং ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরাফাত আলী রবিউলের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপি নেতা আমজাদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল কারণ যেখানেই বিএনপি’র কোন অঙ্গ সংগঠন কর্তৃক ছোট মিটিংয়ের আয়োজন করা হয় সেখানেই জনগণের স্রোতে জনসভায় রুপ নেয়। তারা আরও বলেন, ভোটারদের ভোট দেওয়ার অধিকার খর্ব করা হয়েছে। রাতের আঁধারে তাদের ভোট লুট হয়। কোন কেন্দ্রেই প্রতিপক্ষের এজেন্টদের থাকতে দেওয়া হয় না। তারা পৌর নির্বাচনে জনগণকে সাথে নিয়ে এই অচলাবস্থার অবসান করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর যুবদলের আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুল হাসান সজল তার বক্তব্যে বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনমানুষের কল্যাণের ব্রত নিয়ে রাজনীতি করি। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি পৌরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে। আমরা যদি রাতের ভোট প্রতিহত করতে পারি তবে বরাবরের মতো এই ওয়ার্ডে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং দিনশেষে জনগণের রায়েই তাদের পছন্দের মেয়ের নির্বাচিত হবে।
এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, মিজানুর রহমান মিজান, রবিউল ইসলাম গ্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সুজন, সদস্য মোঃ নাদিম আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোজাহার হোসেন মোজা, যুগ্ন আহ্বায়ক রাসেল রানা, পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইমন প্রমূখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক আহাবায়ক রওশন আলী রোশনাই, পৌর বিএনপি’র সদস্য মজিবর রাহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিব আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের সদস্য আলম মোল্লা, দুলাল, রাসেদ হাসান রাজু, নয়ন, মিথুন, লুৎফর, আমিরুল, রেজা, স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম প্রমূখ।
