বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হতাশার কথা শোনালেন প্রতিমন্ত্রী

ঢাকা: গত কয়েক মাস ধরে দেশে চলা ভয়াবহ বিদ্যুৎ সংকট নিয়ে আরও হতাশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেও এবার তিনি বলছেন, নভেম্বরের আগে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির কোনো আশা তিনি দেখছেন না।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি’।

অক্টোবরে পরিস্থিতি উন্নত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চেয়েছিলাম অক্টোবর থেকে লোডশেডিংই থাকবে না। কিন্তু গ্যাস আনতে না পারায় সেটা করতে পারলাম না। অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে’।

নসরুল হামিদ বিপু বলেন, আশা করেছিলাম, অক্টোবর থেকেই ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। যার কারণেই সমস্যা দেখা দিয়েছে।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *