দুর্গাপূজার পুরো সময়টা কলকাতায় ছিলেন দেশের অভিনেত্রী অপু বিশ্বাস। তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির মাধ্যমে বোঝা গেছে, সেখানে বেশ আনন্দ করেছেন তিনি। মণ্ডপে যাওয়া, প্রার্থনা করা এবং পূজার রঙে মেতেছিলেন অপু।
উৎসব আনন্দের মধ্যেই আবারও গুঞ্জন তাকে নিয়ে। এর কারণ অবশ্য তিনি নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিন কয়েক আগে তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে তার সিঁথিতে সিঁদুর।
কলকাতায় পূজা উদযাপনের সময় সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। ঠিক সে সময় নেয়া কিছু টিভি সাক্ষাৎকারেও তার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। আর এ কারণেই শুরু হয়েছে গুঞ্জন, ‘তবে কি ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!’
তবে এসব গুঞ্জন উড়িয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার রাতে অপু বিশ্বাস লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’
পরে বিষয়টি নিয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন সিনেমায় ও পূজার ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হবে ধারণা ছিল না। তাছাড়া সিঁদুর খেলা সাধারণত বিবাহিত নারীরা খেলেন। আমি সন্তানের মা, যে কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি। এর বাইরে আর কিছুই না। কয়েকদিন ধরে দেখছি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব। তাই বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করলাম।’
এদিকে সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সম্প্রতি এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণের কাজ।
