বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন, ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার।
এদিকে মুক্তি পেয়েছেন মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে ছবি মুক্তির প্রথম দিন প্রচারণার অংশ হিসেবে তিনি হলে না গিয়ে, গিয়েছেন ওয়াটার কিংডমে। অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তি পেয়েছে আমার সিনেমা। তবে প্রথম দিনেই কিছু বলতে চাচ্ছি না সিনেমাটি নিয়ে। আগে দর্শক দেখুক, তারপর আমি সিনেমা নিয়ে বলব। শনিবার (৮ অক্টোবর) থেকে প্রচারণায় অংশ নেব সিনেমার সবার সঙ্গে।
ওয়াটার কিংডমে যাওয়া প্রসঙ্গে মাহি বলেন, একটা প্রোগ্রামে অংশ নিতেই আমাদের যেতে হচ্ছে সেখানে। আপনারা চাইলে আসতে পারেন ওয়াটার কিংডমে। আশপাশে যারা আছেন, তারা দেখুন আমার সিনেমাটি। কাল দেখা হবে সিনেমা হলে।
চলমান মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।’
মাহির কোলজুড়ে ছেলে নাকি মেয়ে আসছে। সে বিষয়ে জানতেই প্রশ্ন এলো নবজাতকের নামের বিষয়টি। এই প্রসঙ্গেও মাহি বেশ অকপট। বললেন, ‘যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও নাম ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে। তাই নাম নিয়ে আর ভাবছি না।’
