টানা ৫ দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার (০৫ অক্টোবর) সকাল থেকে পর্যটকের ঢল নামে সৈকতের বিভিন্ন পয়েন্টে।
কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সৈকতজুড়ে পর্যটক দেখা গেছে। শহরের রাস্তাতেও ভিড় দেখা যায়। এতে দেখা দিয়েছে পরিবহন সংকট।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন, সাপ্তাহিক ছুটি এবং ঈদে মিলাদুন্নবী মিলে টানা কয়েক দিনের ছুটিতে কয়েকশ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে আশা করছি।
হোটেল মালিক সমিতি সূত্রে জানা যায়, ইতোমধ্যে শতভাগ হোটেল-মোটেলের বুকিং সম্পূর্ণ হয়েছে।
কক্সবাজার শলিক রেস্তোরাঁর মালিক নাছির উদ্দীন বলেন, সকাল থেকে পর্যটকের সমাগম দেখা যাচ্ছে। অন্য দিনের চেয়ে আজ পর্যটকের চাপ বেশি। আশা করি এই চাপ আগামী রোববার পর্যন্ত থাকবে।
টুয়াক সভাপতি আনোয়ার কামাল বলেন, টানা কয়েক দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হতে পারে। গতকাল থেকে কক্সবাজারে পর্যটক আসতে শুরু করেছে।
