কেউ মিথ্যা নিউজ করবেন না: তানজিন তিশা

প্রথমবারের মতো রায়হান রাফীর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এ পরিচালক-নায়ক জুটির কাজ দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গতকাল শাকিব-রাফী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে আসার খবরটি জানিয়ে দেন।

নতুন সিনেমার ঘোষণা দিলেও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু ‘চমক’ আছে বলে জানান তিনি।

নায়িকার নাম ঘোষণা না হলেও গুঞ্জন ওঠে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকবেন শাকিবের বিপরীতে। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। ভক্তরাও নতুন এই জুটিকে নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে।

বিষয়টি নজরে আসে খোদ অভিনেত্রী তানজিন তিশার। তখনি গুজবের বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানিয়ে দেন শাকিবের বিপরীতে এ সিনেমায় নায়িকা হচ্ছেন না তিনি।

তার ভাষায়— ‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’

তিশা ভক্তদের অনেক দিনের চাওয়া চলচ্চিত্রে অভিনয় করুক তাদের প্রিয় শিল্পী। কিন্তু চলচ্চিত্রে কেন অভিনয় করছেন না তিশা? কিছুদিন আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী।

এ বিষয়ে তিশা বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই, যদি গল্প ভালো লাগে তবে করব। ফিল্মটা আগে যেভাবে বিবেচনা করতাম এখন সেভাবে করি না। যদি গল্প শুনে মনে হয় এটি আমার প্রজেক্ট তাহলে আমি কাজ করব। তা ছাড়া এই মুহূর্তে ফিল্মে নিজেকে রাখতে চাই না। গল্প, মেকার, কো-আর্টিস্ট, পুরো টিম মিলিয়ে যদি অসাধারণ একটা প্রজেক্ট হয় তাহলে ফিল্মে অভিনয় করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *