আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে মমতাজের স্ট্যাটাস

গত সোমবার (৩ অক্টোবর) প্রথমবারের মতো শ্বশুর হয়েছেন বাংলা সঙ্গীত জগতের রাজপুত্র আসিফ আকবর। নিজের বড় ছেলে শাফকাত আসিফ রণকে বিয়ে করিয়েছেন গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে।

ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সঙ্গীতাঙ্গনের নামকরা তারকারা। কিন্তু সেখানে দেখা যায়নি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে।

এ নিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালের দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মমতাজ। সেখানে মানিকগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য লেখেন, হায়রে রাজনীতি!!!! আজকে যদি এমপি না হইতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম!

তার সেই যে স্ট্যাটাস আসিফ আকবরের ছেলের বিয়েকে কেন্দ্র করে, সেটি বুঝতে নেটিজেনদের বাকি নেই। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই গায়কের মন্তব্যে। তবে মমতাজকে ছেলের বিয়েতে আমন্ত্রণ না জানাতে পেরে দুঃখপ্রকাশ করেছেন আসিফ আকবর।

শিল্পীর ওই পোস্টের তলায় আবেগপ্রবণ দীর্ঘ বার্তা দিয়েছেন ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক। মমতাজকে বন্ধু সম্বোধনে আসিফ দাবি করেছেন, তাদের বন্ধুত্বের মাঝে রাজনীতি কখনও দেয়াল হয়ে দাঁড়াবে না।

মন্তব্যের ঘরে আসিফ আকবর লিখেছেন, ‘প্রিয় মম ( মমতাজ এমপি)। তুমি আমি সেরা পারিবারিক বন্ধু, এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদের সহ, আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত। কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয়ই দ্রুত আমাদের দেখা হবে। ভালবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোন চান্সই নেই, এবং তুমি সেটা জানো।’

আসিফের ছেলের আকদ ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় রাজধানীর অফিসার্স ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন রুনা লায়লা, কনক চাঁপা, কুমার বিশ্বজিৎ, ইথুন বাবু, জুয়েল, কনা, বেলাল খান, লোপা ও মমসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *