নজর২৪, ঢাকা- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। গণতন্ত্রকে কবর থেকে ওঠাতে হলে একটামাত্র পথ আছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক ‘রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতাদের বলতে চাই, আপনারা শেখ হাসিনার কাঁধে ভর দিয়ে আর কতোদিন চলবেন। আপনাদের আজ সোচ্চার হতে হবে। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী আপনারা কথা বলেন। আপনারা তো সবকিছুই দেখছেন, চশমা ব্যবহার করলেও আপনারাতো অন্ধ না। তা না হলে দেশের সামনে সমূহ বিপদ।
তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এতো কিছু বোঝেন, কিন্তু ওনার বন্ধুদের চেনেন না, এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। একটা সরকারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক, যারা বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী এখানেই তার জীবনের বড় ভুলটা করছেন। সাংবাদিকদের আপনি যত বেশি কথা বলতে দেবেন, আপনার গোয়েন্দাবাহিনীর চেয়েও আপনি বেশি তথ্য পাবেন। তাতে আপনি লাভবান হবেন।
