ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনব বুবলীকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নানা মাধ্যমে। গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই চর্চা শুরু হয় তাদের নিয়ে।
আর ৩০ সেপ্টেম্বর সোশ্যালে শাকিব-বুবলীর পৃথক স্ট্যাটাসে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকাও কথা বলেন শাকিব-বুবলী প্রসঙ্গে।
সেই ধারাবাহিকতায় এবার শাকিব-বুবলীর গোপন বিয়ে ও সন্তানের বিষয় নিয়ে কথা বললেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, ‘এটি শাকিব-বুবলীর ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমার কথা বলা সমীচিন নয়। তারা আমার সহকর্মী। অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। তাই তারা যেহেতু সমাধানের পথ বেছে নিয়েছেন, সেহেতু এটা নিয়ে আমরা কোনো কথা না বলি।’
মিশা বলেন, ‘তা ছাড়া মুসলিম হিসেবে তো চারটা বিয়ে করা যায়, যদি মেইনটেইন করতে পারেন। শাকিব দুইটা কেন, চারটা বিয়ে করে সুন্নতিভাবে রাখতে পারেন, সবার হক আদার করতে পারেন তাহলে ক্ষতি কী! চারটা বিয়ে তো জায়েজ আছে। আপাতত দুইটা বিয়ে করলেন, চারটা তো করেননি।’
ক্যারিয়ারকে ঠিক রাখতে শাকিব বিয়ের কথা গোপন রেখেছেন বলে মনে করেন মিশা। তিনি বলেন, ‘শাকিব হয়ত ক্যারিয়ারের জন্য বিয়ের কথাটি জানাননি। এটা তার ব্যক্তিগত ব্যাপার। সকালে কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সন্ধ্যায় ফিরে আসেন, তাহলে তাকে নিখোঁজ বলব না। সুতরাং শাকিব তো স্বীকার করে নিয়েছেন বিয়ের বিষয়টি। আর বুবলী এটা নিয়ে যখন কিছু বলছেন না, তাহলে আমরা কেন এত উৎসাহী হব। নেগেটিভ বিষয় নিয়ে আপনি যতই ঘাটবেন ততই নেগেটিভিটি বাড়বে। এতে আমাদের চলচ্চিত্রের ক্ষতি হবে।’
এদিকে সোমবার (৩ অক্টোবর) অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন বুবলী।
স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।
