দুর্গা পূজার আনন্দে মেতে উঠতে কলকাতা গিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছেন তিনি।
সোমবার (০৩ অক্টোবর) অষ্টমীর সকালে কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পূজায় উপস্থিত থেকে পুষ্পাঞ্জলি দেন তিনি। এর পাশাপাশি পূজার কাজেও অংশ নেন অপু।
পূজার পাশাপাশি রাজবাড়ি অন্দর ঘুরে দেখেন অপু বিশ্বাস। দিনভর খোশ মেজাজে রাজবাড়ির সদস্যদের সঙ্গেও আড্ডা দেন তিনি। এদিকে অপুকে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রাজবাড়ির বর্তমান প্রধান দেবরাজ মিত্র ও তার পরিবারের সদস্যরা।
অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের পূজা অনেকটা মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু কলকাতার পূজায় গোটা শহর উৎসবের আনন্দে মেতে ওঠে। শহরজুড়ে পূজার আনন্দ ছড়িয়ে পড়ে। সেই আনন্দ উপভোগ করতেই কলকাতায় ছুটে এসেছি। শুধুমাত্র পূজা উপভোগ করতে এবার কলকাতায় আসা।
এদিন লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দেন অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি জানান, তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ আসছে। তাই তিনিও লাল শাড়ি পরেছেন।
এদিকে দেশের একটি সংবাদমাদ্যমকে অপু বিশ্বাস বলেছেন, পূজার ছুটিতে দেশেই থাকি। অনেক বছর পর পূজায় কলকাতায় এসেছি। দেশের পূজাও কম না। নিজের দেশেও পূজায় অনেক আনন্দ করি।
ছোটবেলায় বাবা-মার সঙ্গে কলকাতায় পূজার ছুটিতে এসেছিলাম। সে সব কথাও মনে পড়ে। সেই সময় বাবা বলতেন—’হাত ধরে থেকো, হারিয়ে যাবে’। ওই কথাটি এখনো কানে বাজে।
তিনি বলেন, ছেলে জয় আমার সঙ্গে আছে। আমার বোন আছেন। মাসির বাড়িতে উঠেছি। কলকাতায় অনেক আত্মীয় আছেন। সময়ের অভাবে সবার সঙ্গে যোগাযোগ করা হয়ে উঠেনি। তবে, এখানে সুন্দর সময় কাটছে।





