কানাডা ও আমেরিকায় দারুণ সময় কাটাচ্ছেন ববিতা

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। যার শোকেজে সাজানো রয়েছে আট আটটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এছাড়া আছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও ‘বাচসাস পুরস্কার’সহ অসংখ্য নামিদামি সম্মাননা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। আবার কিছু সিনেমা তিনি প্রযোজনাও করেছেন।

সেই গুণী অভিনেত্রী বেশ কয়েক মাস ধরেই কানাডা ও আমেরিকাতে অবস্থান করছেন। কানাডায় যখন তিনি যান তখন তিনি তার একমাত্র ছেলে অনিকের সাথেই থাকেন। আবার যখন আমেরিকায় থাকেন তখন তার ভাইয়ের সাথেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ছোটবেলা থেকেই মাছ ধরার প্রবল শখ ছিল ববিতার। সময় সুযোগ পেলেই তিনি ভাইদের সাথে বড়শি দিয়ে মাছ ধরতেন। ছোটবেলার সেই অভ্যাস এখনো রয়ে গেছে তার। কানাডায় গেলে তিনি ছেলেকে সাথে নিয়ে এবং আমেরিকায় গেলে ভাইদের সাথে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন।

ববিতা জানান, এরই মধ্যে তিনি কানাডা ও আমেরিকায় মাছ ধরতে গিয়ে বড়শি দিয়ে সান ফিস ও বাজ ফিস ধরেছেন। এ মুহূর্তে ববিতা আমেরিকায় আছেন। সেখানে ভাইয়ের সাথেই সময় কাটছে এবং মাছ ধরছেন অবসরে।

ববিতা বলেন, ‘যখন আমেরিকায় থাকি তখন ভাই, ভাইদের সন্তানদের সাথে নিয়েই মাছ ধরতে যাই। কানাডায় থাকলে অনিকও সময় দেয়ার চেষ্টা করে। মাছ ধরি। সত্যি বলতে কি, আমাদের ভাইবোন ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসি। এ বিষয়ে কথা এলে বলে শেষ করা যাবে না। মাছ ধরার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এবারো কানাডা, আমেরিকায় মাছ ধরেছি। সময়টা দারুণ কেটেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *