বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা।
ওই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বয়সী হাফেজ তাকরিম। তার এমন অর্জনে অভিনন্দন জানাচ্ছেন দেশ-বিদেশের সব শ্রেণিপেশার মানুষ। তাকরিম বন্দনায় মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
এবার হাফেজ তাকরিমকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই অভিবাদন জানান তিনি।
শাওন তার ফেসবুকে তাকরিমের একটি ছবি দিয়ে লেখেন, ‘বাংলাদেশি কোরআনে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর বিশ্বজয়। তাকরীম, ২০২২ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে। ছোট্ট তাকরীমের জন্য অভিনন্দন-ভালোবাসা।’
উল্লেখ্য, সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।
স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
