শাহজাদপুরে বণিক সমিতির উদ্যোগে এমপি স্বপনের সুস্থতা কামনায় দোয়া

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল বুধবার (১১ নভেম্বর) উপজেলা বণিক সমিতির আয়োজনে এমপি হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের সঙ্গেও মতবিনিময় করা হয়।

 

জানা যায়, শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আয়োজনে গতকাল বুধবার রাত ৮টায় পৌর শহরের দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কার্যালয়ে এই দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বণিক সমিতির সভাপতি হাজী মোশাররফ হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিন আকন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ তরু লোদী।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি হাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক হাজী আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া তারা। মণিরামপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুদ হাসান খান, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মজনু রহমান। রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মনোরঞ্জন মোদক, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুন্ডু, হাজী আব্দুল হাই, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন শেখ, শাহজাদপুর মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী হায়দার আলী, আলহাজ্ব আবু সাইদ সরকার, এ্যাপোলো, মানিক কুমার সরকার, আজাদ রহমান, আব্দুল্লাহ আল মামুন।

 

মতবিনিময় সভায় ব্যাবসায়ী নেতৃবৃন্দ শাহজাদপুরে মাদক সেবী ও চোর নির্মূলের মাধ্যমে শাহজাদপুর বাজার ও ঐতিহ্যবাহী কাপড়ের হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে জনসাধারণ ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তারা পৌর শহরের যানজট নিরসনে অবৈধ অটোরিকশা ও ভ্যান বন্ধেরও দাবি জানান। মালবাহী ও পণ্যবাহী ট্রাক দিনের বেলায় বাজারে প্রবেশ বন্ধেরও দাবি জানান তারা।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ব্যাবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে পৌর শহরে সীমাহীন যানজট লেগে রয়েছে। প্রতিটি যানবাহনের ক্ষেত্রে সঠিক নীতিমালা অনুযায়ী পরিচালনার ব্যবস্থা করলে এরকম পরিস্থিতি তৈরি হতো না।

 

এসময় শাহজাদপুর পৌরসভার আঃলীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী তরু লোদী জানান, সঠিক নীতিমালা ও ব্যবস্থাপনার অভাবে শাহজাদপুরের মতো একটি প্রথম শ্রেণীর পৌরসভা আজ নিজেই সেবা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। যেখানে পৌরসভার দ্বায়িত্ব পৌরবাসীর জীবনযাত্রা সহজ করে তোলা সেখানে পৌরসভার অবহেলা ও অব্যবস্থাপনা পৌরবাসীর জীবনযাত্রা আরও কঠিন করে তুলেছে। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে অভিজ্ঞ নগরবিদদের সাথে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে একটি কমিটি করবো। সেই কমিটির মাধ্যমে শাহজাদপুরকে পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা শাহজাদপুরের উন্নয়নের ধারাকে গতিশীল রেখে এই এলাকার অর্থনৈতিকে সমৃদ্ধ করে চলেছেন। আপনারা যেকোন সময় আইনশৃঙ্খলার অবনতি অথবা নিজের নিরাপত্তার প্রতি হুমকি মনে করলে আমার সাথে যোগাযোগ করলে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। ব্যাংক থেকে কেউ টাকা উত্তোলনে হুমকি মনে করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো।

 

তিনি আরো বলেন, প্রথমে নিজেকে সচেতন হতে হবে তাহলেই আসন্ন যেকোনো হুমকি সহজেই প্রতিহত করা যাবে। শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা ২৪ ঘন্টাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

 

মতবিনিময় সভা শেষে শাহজাদপুরের এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এর আগে পবিত্র কোরআন খতম করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *