Home আলোচিত নতুন রূপে আসছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা

নতুন রূপে আসছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা

0
240

ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোসনা’ দিয়ে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমাটি তার দখলে। তিনি উপহার দিয়েছেন আরও বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা।

এ নায়ক তার সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন ববিতাকে দিয়ে। এরপর কাজ করেছেন শাবনা থেকে শুরু করে বহু নায়িকার সঙ্গে। তারমধ্যে ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী রোজিনার সঙ্গেও ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ ৮-১০টি সুপারহিট সিনেমা রয়েছে কাঞ্চনের।

এই জুটি এর আগে ‘হঠাৎ দেখা’ নামের একটি নাটকেও জুটি বেঁধেছিলেন বছর দশেক আগে। এবার তাদের দেখা যাবে ‘ফিরে দেখা’ নামের সিনেমাতে। এটি পরিচালনা করেছেন রোজিনা নিজেই। এর মাধ্যমে রুপালি পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে নন্দিত এই নায়িকার।

এই সিনেমায় একটি বিশেষ গান থাকছে। যেখানে ব্যতিক্রম অবতারে অভিনয় করেছেন কাঞ্চন-রোজিনা। সোশাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন নির্মাতা-অভিনেত্রী নিজেই। যে ছবি দেখে চমকেছেন দর্শক-সমালোচক হয়ে এই প্রজন্মের তারকারাও।

ছবিটির ক্যাপশনে রোজিনা বলেছেন, ‘ফিরে দেখা ছবিতে কাঞ্চন আর আমার একটি গান আছে। বৈরাগী আর বোষ্টমি রূপে আমাদের দেখা যাবে। কয়দিন আগে আমি আর কাঞ্চন ফটোশুট করেছি মডার্ন বোষ্টমি আর বৈরাগীর সাজে।’

গেলো বছরই সম্পন্ন হয়েছে ‘ফিরে দেখা’র কাজ। সম্পাদনা শেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গেছে। এখন অপেক্ষা মুক্তির। রোজিনা জানালেন, শিগগিরই একটি ভালো দিন দেখে নিজের নির্মিত প্রথম সিনেমা দর্শকের সামনে হাজির করবেন।

এই সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় আছেন নিরব ও স্পর্শিয়া। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here