বাংলা সিনেমার গানে কনকচাঁপা একটা অধ্যায়ের নাম। ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’… কনকচাঁপার গলা থেকে বাংলাদেশের মানুষের মুখে মুখে সয়লাব হয়ে যাওয়া এসব গানের তালিকা দীর্ঘ।
কনকচাঁপার শিল্পীজীবন আর সংসারজীবন চলেছে হাতে হাত ধরে। ১৯৮৪ সালে তাঁর বিয়ে হয়েছে, সে বছর থেকেই তাঁর শিল্পীজীবন শুরু। বলা হয়, প্রতিটি সফল পুরুষের পেছনে নাকি একজন নারী থাকেন। এদিকে কনকচাঁপা তাঁর সফল ক্যারিয়ারের কৃতিত্ব দিলেন তাঁর জীবনসঙ্গী, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খানকে।
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কনকচাঁপা বলেন, জীবনসঙ্গী হিসেবে মইনুল ইসলাম খানকে পেয়েছি, এটা আমার অনেক বড় একটা অর্জন। বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো দেখিনি, স্ত্রীর উন্নতির জন্য ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন স্বামী। একটা মানুষ নিরলসভাবে তাঁর স্ত্রীকে কতটা উৎসাহ দেন, সেটা তাঁকে না দেখলে বোঝা যাবে না। আমি মানুষের জন্য কাজ করি, সেই জায়গা থেকেও রাজনীতিতে উৎসাহ দিয়েছেন তিনি।
আগামী নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা আছে? কনকচাঁপা বলেন, আসলে আমি তো রাজনীতিবিদ নই। আমি মানবসেবক। এটা আমি মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি। তবে একটা কথা আছে না, আমিও ফকির হলাম, দেশেও দুর্ভিক্ষ হলো। আমিও বিএনপিতে যোগ দিলাম, এমন পরিস্থিতি দাঁড়াল…। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, ২০১৮ সালের পর থেকে বাংলাদেশে আমি অলিখিতভাবে নিষিদ্ধ, রেডিওতে আমার গান বাজানো হয় না। টিভি চ্যানেলে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর—এমন গর্বের দিনে, জাতীয় দিবসগুলোতে আমি আগে নিয়মিত গান গাইতাম। এখন সেখানে আর ডাকে না।
কবে থেকে আপনার সঙ্গে এমন ঘটনা ঘটছে? তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচন করলাম, সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ নেতা) সাহেবের বিরুদ্ধে। ওখানে আমি শূন্য ভোটে ফেল করছি। আমার ভোটটাও আমি নাসিম সাহেবকে দিয়েছি। যা-ই হোক, এভাবে আমাকে নিষিদ্ধ করেছে, এখন শুধু বিদেশে যাই, গান গাই। করোনাভাইরাস আমাকে একভাবে সহায়তা করছে। ওই সময় করোনাভাইরাস না থাকত আর দেশে অনেক শো হতো আর আমি একদম বসে থাকতাম, তাহলে মনে হয় আমি মানসিকভাবে ভেঙে পড়তাম। করোনাভাইরাসের মধ্যে সব শিল্পীরই গানবাজনা ও চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমি চিন্তা করেছি, সবারই তো বন্ধ হয়ে গেছে। পরে এখন যখন শো ফিরে আসছে, এত দিনে এসে আমি টের পেলাম, আমি আসলে নিষিদ্ধ।
কনকচাঁপা বলেন, এই মুহূর্তে আমার হাতে কোনো গান নেই। আর বাংলাদেশে কোনো কনসার্ট নেই। এটা নিয়ে ভেঙে পড়েছি, তা নয়। মানুষ আমাকে আগের মতোই ভালোবাসেন, দিন দিন ভালোবাসা আরও বাড়বে। সেটাও আমি টের পাই। বিদেশে আমার অনেক কনসার্ট আছে। সেগুলো নিয়মিত করি।
