অন্য অনেকের চেয়ে আমাদের সামাজিক দায়িত্ব বেশি: মমতাজ

এবার সবুজ বনায়ন তৈরির সচেতনতা বিষয়ে গান গাইলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গত শনিবার ‘সুফল’ শিরোনামের এই গানে কণ্ঠ দেন মমতাজ।

গানটির কথা লিখেছেন তুষার কান্তি সরকার আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের উদ্যোগে তৈরি এই গান খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে।

স্টুডিওতে গানটি গাওয়ার সময়ের কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকেও পোস্ট করেছেন মমতাজ। জানালেন সচেতনতামূলক এমন একটি গানের অংশ হয়ে আনন্দিত তিনি।

রোববার দুপুরে এক জাতীয় দৈনিককে মমতাজ বললেন, সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সাথে সাথে রাজি হয়ে যাই। পরিবেশদূষণ, বাল্যবিবাহ, ট্রাফিক আইন মেনে চলাসহ সচেতনা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, তার হিসাব নেই। মানুষ ভালোবাসে, পছন্দ করে—তাই এসব কাজে আনন্দও লাগে।

তিনি বলেন, আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তাই দায়িত্ববোধের জায়গা থেকে এসব কাজ করে থাকি। আমি মনে করি, আমাদের কথায় যদি মানুষ উদ্বুদ্ধ হয়, সচেতন হয়—এটা সমাজ ও দেশের জন্য উপকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *