প্রায় দেড় মাস আগে বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সন্তানকে নিয়ে।
সমসাময়িক নানা বিষয় নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ছবি কিংবা ভিডিও পোস্ট করে থাকেন। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ পরীকে নিয়ে দিলেন ভালোবাসাময় বার্তা।
ক্যাপশনে লিখেছেন, তুমি আমার জীবনে আসায় আমি কেমন অনুভব করছি এবং কতটা সৌভাগ্যবান, তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। আমি শুধু তোমাকে জানাতে চাই, আমার যা কিছু আছে তার সবটুকু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করা যায় না।
শেষে লিখেছেন, ‘শিগগিরই বাসায় ফিরছি…!’ বোঝা গেলো, কাজের সুবাদে বাইরে রয়েছেন রাজ। তাই ঘরে ফেরার বার্তাও দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেছেন রাজ। যেখানে দেখা গেলো, আহ্লাদি ভঙ্গিমায় স্বামীর সঙ্গে কথা বলছেন পরী।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।
