দোয়া চেয়ে রনিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন কলকাতার মীর

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডি শো মিরাক্কেলখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা গুরুতর। তার শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধ হয়েছে শরীরের ২৫ শতাংশ। বর্তমানে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রনি এপার বাংলার মতো সমান জনপ্রিয় ওপার বাংলায়ও। ঢাকায় বার্ন ইনস্টিটিউটের হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন তার দুই বাংলার অসংখ্য ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবার তার জন্য দোয়া চাইলেন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মীর আফসার আলী। মিরাক্কেলের এ উপস্থাপক রনিকে খুব ভালোভাবে জানেন ও চেনেন। দ্রুত রনি সুস্থ হয়ে ফিরবেন বলেও তার বিশ্বাস।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে মীর লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত হলে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তিনি কয়েকবার বেলু ওড়াতে ব্যর্থ হন।

কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রামন্ত্রী পুলিশ লাইনেই মূল মঞ্চে চলে যান। কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে।

এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। আশপাশের পুলিশ সদস্যরা পানি ঢেলে আগুন নেভান এবং দ্বগ্ধদের গাড়িতে করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *