এক সিনেমায় দেখা যেতে পারে প্রসেনজিৎ-শাকিবকে

দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে এক সিনেমায়। ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের কপ ক্রিয়েশন ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

কলকাতারও একটি প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত থাকতে পারে, সেখানে মুক্তি দেওয়ার জন্য। যৌথভাবে এটি পরিচালনা করবেন সানী সানোয়ার ও টলিউডের এম এন রাজ।

দেশের একটি সংবাদমাধ্যমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রসেনজিতের ব্যবস্থাপক মোহর। তিনি বলেন, ‘মাস দুয়েক আগে বাংলাদেশের একটি সিনেমার বিষয়ে বুম্বাদার (প্রসেনজিৎ) কথা হয়। তবে এখনই এ বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। এ রকম প্রাথমিক আলাপ তো অনেকের সাথেই হয়। লক না হওয়া অবধি কিছু বলা যাচ্ছে না।’

জানা গেছে, মিশনকেন্দ্রিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে পারে সিনেমাটি। গল্প ভাবনা সানী সানোয়ারের। তারই কোনো এক মিশনের গল্প উঠে আসার সম্ভাবনা এই ছবিতে।

এর আগেও শাপলা মিডিয়ার একটি ছবিতে অভিনয়ের কথা ছিল প্রসেনজিতের। এতে নায়িকা হিসেবে সোহানা সাবার নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটি আর হচ্ছে না।

এখন দেখা যাক, নতুন যে সিনেমাটির বিষয়ে আলাপ হচ্ছে সেটি আলোর মুখ দেখে কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *