বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি: ন্যানসি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই গায়িকা। অপরদিকে তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় তাকে। পাশাপাশি কেন বারবার সংসার ভাঙছে—এ প্রশ্নও ওঠে।

গতকাল শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন ন্যানসি। এ সময় আগের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসারের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। ন্যানসি বলেন, ‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মহসিন মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়।’

আগের সংসার ভাঙার কারণ জানিয়ে ন্যানসি বলেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, তিনি আমার সন্তানের পিতা। তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল, তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত আমরা বুঝে-শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন। তাদের জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন।’

গীতিকার মহসিন মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছেন ন্যানসি। এ বিষয়ে তিনি বলেন, আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয়, ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও আছে।

অনেকে মনে করে মেহেদীর চেয়ে বয়সে অনেক ছোট ন্যানসি। কিন্তু এ তথ্য উড়িয়ে দিয়ে ন্যানসি বলেন, মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।

বর্তমান সংসারে কেমন আছেন, এ প্রশ্ন ভক্তদের রয়েছে। কেননা ন্যানসি নিজেই এই প্রশ্নের উদ্রেক করেছিলেন। এরও জবাব দিয়েছেন, জানিয়েছেন তিনি এই সংসারে ভালো আছেন।

ন্যানসি বলেন, বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *