ঢালিউডের চর্চিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। পাঁচ বছর ধরে একসঙ্গে টানা কাজ করার সুবাদে তাদের নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনার অন্ত নেই। এফডিসিপাড়ার ইট-পাথরও জানে, তাদের পর্দার বাইরের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে কী জোর আলোচনাই না হয়েছে।
এরইমধ্যে একটা গুঞ্জন চাউর হয় ভেঙে যাচ্ছে শাকিব-বুবলী জুটি। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২১ সালের মার্চে ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুভিতে তারা সর্বশেষ চুক্তিবদ্ধ হন। কাজও করেন। এরপর দুজনই আলাদা সহশিল্পীর সঙ্গে ব্যস্ত হয়েছেন ক্যামেরায়।
কিন্তু দুজনই দুজনকে যেন এড়িয়ে যাচ্ছেন। নতুন কোনো চুক্তিতেও থাকছেন না তারা। তাহলে কি শাকিব-বুবলী আর একসঙ্গে ক্যামেরার সামনে আসবেন না? এই প্রশ্নের ছোট্ট উত্তরটা হচ্ছে—হ্যাঁ, আসবেন। আর তা এ মাসেই।
আরও নির্দিষ্ট করে বললে চলতি সপ্তাহেই তারা মুখোমুখি হবেন। কারণটা সর্বশেষ মুভি ‘লিডার : আমিই বাংলাদেশ’। সিনেমার একটি গানে অভিনয় করবেন তারা। এর মাধ্যমে ১০ মাস পর সিনে ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান।
শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘লিডার : আমিই বাংলাদেশ’র পরিচালক তপু খান। তবে নির্দিষ্ট করে দিনক্ষণটা বলতে চাচ্ছেন না তিনি।
এ নির্মাতা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা দ্রুতই শুটিং শুরু করব। শাকিব খান ঢাকায় ফেরার পর তিনি তার ইঙ্গিতও দিয়েছেন। একটি গান হলেই মুভিটির কাজ শেষ হবে।’
শুটিং ইউনিট জানাচ্ছে, ঢাকায় দুদিনের শুটিং হবে। আর তাতে টানা কাজ করবেন শাকিব-বুবলী।
