আমি এক-দুজনের সঙ্গে প্রেমে পড়েছি: পপি

প্রায় দুই বছর ধরে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির খোঁজ নেই। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ, এমনকি সহকর্মীদের সঙ্গে যোগাযোগও ছিন্ন করেছেন।

সিনেমার দৃশ্যধারণ শেষ না করে উধাও হওয়ায় তাঁর সিনেমার পরিচালকেরা বেকায়দায় আছেন। পপি কোথায়?—বহুল চর্চিত প্রশ্নটি আবারও সামনে এসেছে তাঁর জন্মদিনে।

১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর শৈশব কেটেছে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাইবোনের মধ্যে পপি সবার বড়। জন্মদিনে দেখে নেওয়া যাক এই অভিনেত্রীকে নিয়ে কিছু অজানা কথা।

গুঞ্জন রয়েছে, তিনি বিয়ে করে সংসারী হয়ে উঠেছেন। এমনকি সন্তানের মাও হয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের সঙ্গে প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

একবার রিয়্যালিটি শোতে অতিথি হয়ে এসে চিত্রনায়িকা পপি বলেছিলেন, তিনি একটি পোশাক কখনোই দ্বিতীয়বার পরেন না।

পপির বাড়ির সামনেই খুলনা নিউমার্কেট। অভিনয়ে পরিচিতি পাওয়ার পর একবার সেই বিপণিবিতানে গিয়েছিলেন তিনি। নায়িকার আগমনের খবর শুনে ভক্ত ও আগ্রহীদের হুড়োহুড়ি বেধে যায়, শেষ পর্যন্ত সেদিনের মতো বিপণিবিতান বন্ধ করে দিতে হয়েছিল।

সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ ছবি দিয়ে অভিনয় শুরু করলেও তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। এই ছবিতে তাঁর সহশিল্পী ওমর সানী। ১৯৯৭ সালে ছবিটি মুক্তির পর সুপারহিট হয়।

দুই যুগের বেশ অভিনয়জীবন তাঁর। এই সময়ে তিনি দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’ ছবিগুলোর জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *