শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক: সুপ্রিয় দত্ত

দেশের জনপ্রিয় তারকা শাকিব খান। একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে পেয়েছেন ‘সুপারস্টার’ তকমা। অভিনয় দাপটে দ্যুতি ছড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গেও।

বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শাকিব। ফলে ওপার বাংলার মানুষের মনেও চড়া দামে জায়গা কিনে নিয়েছেন ঢালিউডের কিং খান।

এদিকে পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়ে মিশ্র মন্তব্য করেন এই সব্যসাচী অভিনেতা।

তার চোখে শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক। তিনি বলেছেন, ‘শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক বলে আমার মনে হয়। শুটিংয়ে দেখেছি তিনি আমাদের আগে গিয়ে সেটে হাজির হয়েছেন। প্রতিটি সংলাপ মুখস্থ করে বলেছেন। আর যারা সিনিয়র অভিনয়শিল্পী আছেন তাদের অভিনয় নিয়ে আমার কিছুটা হতাশা আছে। নাম বলা ঠিক হবে না। তাদের কাছে আমার প্রত্যাশা আরও বেশি ছিল।’

এসময় তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদেরও তিনি প্রশংসা করতে ভোলেননি। যদিও বাংলাদেশের রাস্তার জ্যাম নিয়ে তার খারাপ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *