রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে- শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ শোক জানান।
লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।
