তরুণ অভিনেত্রী শুভশ্রী কর। নিয়মিত অভিনয় করেছেন বড় পর্দায়। ইতোমধ্যেই তার অভিনীত সিনেমাগুলো ব্যাপক আলোচনায় এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে পৌঁছে গেছেন তিনি। ব্যতিক্রমী কিছু চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ প্রশংসিতও হয়েছেন কলকাতা ও বাংলাদেশে। মূলত বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত এক নাম শুভশ্রী। নিজ দেশের রঙিন পর্দা দাপিয়ে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।
এতে আরও অভিনয় করেছেন, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বাংলাদেশের তরুণ নায়ক শান্ত খান। তবে সিনেমাটির পোস্টার প্রকাশ ও ট্রেলার, এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিনেমার পারিশ্রমিক নিয়ে। অভিযোগটি করেছেন শুভশ্রী কর।
অভিযোগ নিয়ে তিনি বলেন, শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তির সময় মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয় আমাকে। এরপর প্রায় দুই বছর পার হয়ে গেছে। সিনেমাটিও মুক্তি পেয়েছে বাংলাদেশে। কিন্তু আমার পুরো পারিশ্রমিক এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ সিনেমা মুক্তির আগেই বাকি পারিশ্রমিক চেয়েছিলাম। বলেছিল চলতি বছরের জুলাইয়ে (সিনেমাটির মুক্তির মাস) দেবেন।কিন্তু আমি আমার পূর্ণ পারিশ্রমিক পায়নি। তাই এখন বলতেই হচ্ছে, সিনেমাটির নির্বাহী প্রযোজক হচ্ছেন কলকাতার অরিন্দম দাস।
তিনি আরও বলেন, ওনার মাধ্যমেই এই সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত হই। পারিশ্রমিকের বিষয়টি নিয়ে আমি তাকেও জানাই। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবুও পারিশ্রমিক যখন পাইনি, তাই সিনেমাটির মূল প্রযোজক সেলিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। তখন আমাকে আশ্বাস দেওয়া হয় পারিশ্রমিক দেবেন তারা। কিন্তু এখনও কোনো পারিশ্রমিক পরিশোধ করেননি কেউ। বিষয়টি খুবই দুঃখজনক। তাই আমি সিদ্ধন্ত নিয়েছি কলকাতায় অভিনয়শিল্পীদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ বরাবর লিখিত অভিযোগ করব। এরপর দেখি কি হয়।
এ বিষয়ে সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে শুভশ্রীর অভিযোগের বিষয়ে জানতে ‘বিক্ষোভ’ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারে আমি কিছু জানি না। আমি এ বিষয় ডিল করিনি। এটা প্রযোজকের কাজ। তার সঙ্গে আমার বহুদিন দেখা হয় না।’
তবে রনী এও বলেন যে, বর্তমানে শাপলা মিডিয়া সমস্যায় আছে। সমস্যা কেটে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে।
