পোশাক নিয়ে পরামর্শ নিজের মা-বোনকে দিন, আমাকে নয়: উরফি

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা উর্ফি জাভেদ। তিনি যেন বিতর্কের সমার্থক রূপ। নিজের পোশাকের জন্য খবরের শিরোনামে উঠছেন বারবার। সেই বিষয়ে নানা মন্তব্যও শুনতে হয় তাকে। তবে সবটাই ঘটছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও এই অভিনেত্রী আগেই জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কোনও কিছুই পাত্তাই দেন না। তিনি তার পছন্দ মতোই পোশাক পরেন। কিন্তু এবার পোশাক নিয়ে মন্তব্য করাতেই চটে লাল অভিনেত্রী। একটি ইভেন্টে তিনি পৌঁছালে তাকে দেখে কোনও এক পাপারাৎজি তার পোশাক নিয়ে মন্তব্য করেন। সেই কারণেই রেগে আগুন উর্ফি।

রিয়ালিটি ‘শো ঝলক দিখলা যা’য় অংশগ্রহণ করছেন উর্ফি জাভেদ। সেই শো’র লঞ্চ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সেই অনুষ্ঠানে উর্ফি পৌঁছালে কোনও এক পাপারাৎজি বলেন যে, ‘আজ ঠিকঠাক পোশাক পরে এসেছে’। সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চোখে পড়ে উর্ফির।

সেই ভিডিওতে অডিও শোনা গেলেও ঐ ব্যক্তিকে দেখা যায়নি। মঙ্গলবার ‘নাচ বেবি’ মিউজিক ভিডিওর লঞ্চে হাজির হয়ে সেই ভিডিওটি উপস্থিত সকল ক্যামেরাম্যানকে দেখান উর্ফি ও জিগ্গেস করেন কে এই ব্যক্তি? যদিও কারোর থেকেই সদুত্তর পাননি তিনি। এরপরই রাগে ফেটে পড়েন উর্ফি।

উপস্থিত সমস্ত পাপারাৎজিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের যদি পোশাক নিয়ে কথা বলতেই হয়, তবে নিজের প্রেমিকা কিংবা বাড়িতে মা-বোনদের গিয়ে বলো। আমার পোশাক নিয়ে আজকের পর থেকে কেউ কোনো মন্তব্য করবে না।’

এমনকি মন্তব্য করলে নিজের ছবিও তুলতে দেবেন না বলে হুমকি দেন উরফি। সেই সঙ্গে সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি তো তোমাদের যথেষ্ট সম্মান দিই। তাহলে আমার সঙ্গে এমন আচরণ কেন?’

একসময় বিগ বস প্রতিযোগী উরফি দু-একটি সিনেমায় অভিনয় করলেও তাঁর আসল পরিচিতি অদ্ভুত পোশাকের জন্যই। বরাবর সংবাদমাধ্যমের আকর্ষণের কেন্দ্রেও থাকেন এই অভিনেত্রী। খোলামেলা কিংবা শরীর দেখানো পোশাক নিয়ে আলোচনায় তিনি সব সময় সবার শীর্ষেই থাকেন। তবে এবার তাঁর প্রতিবাদে বেশ অবাক হয়েছেন গণমাধ্যমসহ তাঁর ভক্ত-অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *