দীর্ঘ আট বছর পর গত ঈদুল আজহায় মুক্তি পায় অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। বরাবরের মতো এবারও তার সঙ্গী ছিলেন চিত্রনায়িকা বর্ষা।
সিনেমা মুক্তির পরপরই বেশ আলোচনায় চলে আসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। এই সিনেমা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু তারপরও থেমে থাকেননি অনন্ত জলিল।
এবার নতুন সিনেমা ‘কিল হিম’ নিয়ে আসছেন তিনি। শনিবার (৩ সেপ্টেম্বর) সিনেমাটির মহরত অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলেন।
সেখানে তিনি বলেন, আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি। সিনেমার সঙ্গে যুক্ত থাকি। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি আমি। কিন্তু ওটা সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। এর আগে বলেছিলাম যে আমি সিনেমার সঙ্গে আর থাকব না, কিন্তু না আমি আছি সবসময়, থাকব।
তিনি আরও বলেন, এফডিসিতে এতো রাজনীতি করার তো কিছু নেই। এখানে সবাই মিলে কাজ করব সিনেমা নিয়ে। কোর্ট-কাচারিতে কেন যেতে হবে শিল্পী সমাজের। কেন কারও জমি দখল করতে হবে, এসবের কোনো প্রযোজন নেই। আমরা নতুনভাবে সবগুলো সংগঠন মিলে এক হয়ে চলেন শিল্পের জন্য কাজ করি। যাতে আমাদের নিয়ে বাইরের মানুষ হাসাহাসি না করে বরং ভালো কথা বলে।
এছাড়া তিনি আরও নানা দিক নিয়ে কথা বলেন।
