মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা ছাত্র সিফাত খুনের ঘটনার ৬ ঘন্টা পর জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার কাটরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোড়াইল গ্রামের আবু তালেব সিদ্দিকী ও কাটরা গ্রামের মেহেতাব মিয়া। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের জেলা আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, সম্প্রতি বিলে গোসল করতে গিয়ে এলাকার কয়েকজনের সাথে মাছ ধরাকে কেন্দ্র করে মারধর করা হয় নিহত সিফাতকে। এ ঘটনার পর স্থানীয় মাতাব্বররা একটি শালিসে অভিযুক্ত কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ২০টি জুতার বাড়ি দেয়। বিচারের সপ্তাহখানেক পর মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর রেলক্রসিং এলাকায় চটপটি খেতে আসলে সিফাতকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে ধইঞ্চা ক্ষেতে ফেলে রাখা হয়।
অনেক খোঁজাখোঁজির পর ওই রাতেই সিফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মির্জাপুর থানায় সিফাতের বাবা একটি মামলা দায়ের করার ৬ ঘন্টা পর ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
সিফাত ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের শহীদ মিয়ার মেঝো ছেলে। সে মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসায় ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। তাকে এমন নির্মমভাবে খুনের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের
গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
