সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে বেশকিছু নেতা-কর্মী ও সমর্থক ছিলেন।
আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, সোহেল তাজ রাত ৮টার দিকে সেখানে প্রবেশ করেন। ততক্ষণে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয় থেকে চলে গেছেন।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু, রেমন্ড আরেং ও শাহাবুদ্দীন ফরাজী এ সময় উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতাদের একজন জানান, সোহেল তাজ কার্যালয়ে গিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে বেরিয়ে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি কোনো সময়ই রাজনীতির বাইরে ছিলাম না। মাঝে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।’
সোহেল তাজ বলেন, ‘বরাবরই বলে আসছি- যদি দলের প্রয়োজন হয়, আমি কাজ করতে প্রস্তুত আছি। আমার যদি ডাক পড়ে, আমি সাড়া দেব। আমি আবার রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি জায়ামাত-জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব। আমি সে অবস্থানেই আছি।’
উল্লেখ্য, সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে আবারও নির্বাচিত হন।
২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। তবে সেই পদে তিনি বেশি দিন থাকেননি। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।
২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এরপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দীন পুত্র।
