Home বিনোদন আমি হেরে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি: অনন্ত জলিল

আমি হেরে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি: অনন্ত জলিল

0
138

ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ ছবিটি শুরু থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিলো। শুরু থেকেই তিনি দাবি করে আসছিলেন ‘দিন: দ্য ডে’ নির্মাণে ব্যয় হয়েছে একশ কোটি টাকা।

সম্প্রতি ‘হাঁড়ির খবর’ দিয়েছেন সিনেমাটির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। তিনি জানিয়েছেন, চলচ্চিত্রটি নির্মাণ খরচ পাঁচ লাখ মার্কিন ডলার, যা ২০১৮ সালে বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৪ কোটির কিছু বেশি। সেইসঙ্গে সিনেমাটির চুক্তিপত্রও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

যা নিয়ে রীতিমত তর্ক-বিতর্ক হচ্ছে চলচ্চিত্রপাড়ায়। এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন সফল ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। অবশেষে এসব অভিযোগের বিষয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি।

শুরুতেই অনন্ত জলিল বলেন, ‘কিছু মানুষের কাজ হচ্ছে অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। তাই এই সিনেমা নিয়ে শুরু থেকেই তারা নানা ধরনের মিথ্যা আর বানোয়াট কথা রটিয়ে বেড়াচ্ছে। তাদের এসব কথায় আমার কাজ থেমে থাকবে না। আমি আমার মতো কাজ চালিয়ে যাবো।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যার জন্য ঘুরে দাঁড়ালো, তাকে নিয়েই মানুষ অপপ্রচার চালাচ্ছে। এটা ভাবলে কষ্ট লাগে। আমার কোন প্রয়োজন ছিল না এই ইন্ডাস্ট্রিতে আসার। আমি চেয়েছি দেশের জন্য কিছু করতে, সিনেমার জন্য কিছু করতে- এটাই আমার অপরাধ। আর সে কারণে কোন জায়গার কোন নির্মাতা কি বলল, তা যাচাই না করেই সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য প্রচার করে যাচ্ছে। হাতেগোনা কয়েকটা মিডিয়া ছাড়া কেউ আমরা সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেনি। মনগড়া সংবাদ প্রকাশ করে যাচ্ছে। যাই হোক, ক’দিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর আমি হেরে যাওয়ার জন্য এই ইন্ডাস্ট্রিতে আসিনি। আমি আমার মতো করে কাজ চালিয়ে যাবো।’

অভিযোগ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এই সিনেমা নিয়ে ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম প্রথমে মিথ্যা কথা ছড়িয়েছে। সে প্রথমেই আমাকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন করেছে দেশের মানুষের কাছে। আমি ২০১৯ সাল থেকেই বলে আসছি, এই ছবির মূল ইনভেস্টার (বিনিয়োগকারী) ইরান আর বাংলাদেশের অংশের আমি। ওরা যদি ভুল রিপোর্ট মানুষের কাছে উপস্থাপন করে সিনেমার ব্যবসা নষ্ট করার চেষ্টা করে, তাহলে আর কি বলব। এই বিষয়গুলো ওই নির্মাতাই ভালো বলতে পারবেন, কেন সে এটা করেছে? আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমি বাংলাদেশের অংশের ইনভেস্টার। কখনোই কিন্তু পুরো সিনেমার ইনভেস্টার হিসেবে নিজেকে দাবি করিনি। আমার এরকম একটা সাক্ষাৎকারও কেউ দেখাতে পারবেন না।’

খুব শিগগিরই তিনি সব ভুল ধারণার অবসান ঘটাবেন। তার পক্ষের আইনজীবী এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা আজ-কালকের মধ্যেই আইনি আশ্রয়ে যাচ্ছেন। তখনই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর পুরো অভিযোগ যে মিথ্যা, তার প্রমাণসহ মিডিয়ার কাছে তুলে ধরা হবে।

উল্লেখ্য, ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমায় অনন্ত জলিল কমান্ডার ‘এজে’র ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন স্ত্রী বর্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here