Home দেশের খবর ঢাকা ব্যাংক থেকে প্রবাসীর ১৮ লাখ টাকা গায়েব

ব্যাংক থেকে প্রবাসীর ১৮ লাখ টাকা গায়েব

0
236

গাজীপুর: গাজীপুরে শাহজাহান মোল্লাহ নামে এক কাতারপ্রবাসীর ১৮ লাখ টাকা ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখা থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গাজীপুর সদরের ভবানীপুর শিরিরচালা গ্রামের প্রবাসী শাহজাহান মোল্লাহর ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মহানগরের বাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরের উত্তরা ব্যাংকের চান্দনা চৌরাস্তার জয়দেবপুর শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন ওই প্রবাসী। গত ১৪ আগস্ট তিনি বিদেশ থেকে বাংকে খবর নিয়ে জানতে পারেন তার একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। পরে তার ভাই জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে তিনি দেখতে পান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত ১৪ আগস্ট তার হিসাব থেকে প্রথমে আট লাখ টাকা সরানো হয় সিটি ব্যাংকের সাতক্ষীরা শাখার মেঘনা এন্টারপ্রাইজের হিসাবে। একইভাবে আরও ১০ লাখ টাকা পাঠানো হয় জয়পাড়া এসইমি শাখায় সুমাইয়া নামের এক গ্রাহকের হিসাবে। পরে প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাসন থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিদিন ব্যাংকে যাচ্ছি, টাকার হদিস করতে। এখনো সমাধান পাইনি। তবে ব্যাংকের ম্যানেজার কথা দিয়েছেন, তিনি টাকা ফিরিয়ে দেবেন। ব্যাংক থেকে অনুমতি, স্বাক্ষর ছাড়া টাকা গায়েব হওয়া উদ্বেগজনক বিষয়।’

এ-সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান জয়দেবপুর শাখার ব্যবস্থাপক স্কাইল্যাব চৌধুরী। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু নাঈম নয়ন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here