দীর্ঘদিন পর সিনেমা হলে উপচেপড়া ভিড় দেখা গেল ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবির কল্যাণে। দুই ছবির টিকিট নিয়েই তৈরি হয় হাহাকার। চলচ্চিত্র দুটির প্রতি দর্শক আগ্রহ ঢাকাই চললচ্চিত্র শিল্প যখন নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে ঠিক এই সময়ে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র প্রদর্শনী বন্ধের জন্য আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিনয়শিল্পী ও তাদের বিভিন্ন সংগঠন। সেই তালিকায় রয়েছেন শোবিজের পরিচিত মুখ প্রসূন আজাদ।
ছোট-বড় দুই পর্দাতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেত্রী।
‘হাওয়া’র প্রদর্শনী বন্ধের নোটিশের প্রতিবাদে অভিনয়শিল্পী সংঘের বিবৃতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসূন লিখেছেন, ‘আমি কোনো দলের না, কোনো সমিতির না। আমি একা। কেউ আমাকে শিল্পী বলে, কেউ বলে পাগল। কেউ মনে রেখেছে, কেউ রাখে নাই। কিন্তু আমার মতো পাগলও বুঝতে পারছে, ষড়যন্ত্রকে পিষে ফেলা উচিত। আমি অভিনয়শিল্পী প্রসূন আজাদ এই ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়ানো সবার দলে আছি।’
তিনি আরও লেখেন, ‘এই দেশেই আমার বড় হওয়া, আমার বিকশিত হওয়া এবং স্বীকৃতিস্বরূপ নানান পুরস্কার পাওয়া। আমার দায়বদ্ধতা থেকে আমি চাই, এ রকম স্টুপিড মামলা তুলে হাওয়ার মতো আরও ১০০ সিনেমা বাংলাদেশে হোক।’
প্রসঙ্গত, সিনেমাটিতে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনসহ ‘ভায়ো লেন্স’ ও ‘অ শ্লী লতা’র অভিযোগ এনে গত সোমবার (২২ আগস্ট) সেন্সর বোর্ডকে ‘হাওয়া’র প্রদর্শন বন্ধের লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
