কান্তা আমার অভিন্ন আত্মা: জয়া আহসান

বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি ৩৯ বছরের জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই, এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন।’

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিকমাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। সেখানে প্রায়ই কিছু না কিছু আপডেট দিতে থাকেন এই অভিনেত্রী। যেমন বোনের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) পোস্ট করলেন তাদের পারিবারিক বেশ কয়েকটি ছবি। যে ছবি দেখে আপনি চমকে যেতে পারেন।

কারণ জয়া আর তার বোন কান্তা মাসউদের চেহারায় অনেকটাই মিল রয়েছে। হঠাৎই দুজনকে সামনে দেখলে গুলিয়ে ফেলতে পারেন যে কেউ। জয়া নিজেও তার বোনকে তারই আরেকটা অংশ, তার প্রতিচ্ছায়া বলে মনে করেন।

ফেসবুকে জয়া শেয়ার করা ছবির ক্যাপশনে লেখেন, ‘কান্তা শুধু আমার ছোট বোন নয়, আমার নিজেরই বাড়ানো একটা অংশ। আনন্দে ভাগ নিতে নিতে, ঝগড়া করতে করতে, জীবনটাকে শিখতে শিখতে একেবারে জড়িয়ে-পেঁচিয়ে আমরা দুজন বড় হয়েছি। কান্তা আমার অভিন্ন আত্মা। ’

এই পোস্টের সঙ্গে যোগ করে বোনকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জয়া আহসান লেখেন, ‘জন্মদিনের অনেক আদর কান্তা’

জয়া আহসান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঝরা পালক’। এটি গেল জুন মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করেন সায়ন্তন মুখার্জি। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *